কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা
ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর
বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী
আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
মুহুর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের
দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার
সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ৪ ঘন্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪ টি ব্যবসায়
প্রতিষ্ঠানের সকল মালামাল। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার
সার্ভিসের ৪ জন সদস্য।
ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আলী সাজ্জাদ
বলেন, তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিলো। আগুন নেভাতে
কালীগঞ্জ, কোটচাদপুর, চৌগাছা, সেনানিবাস স্টেশনসহ মোট ৬ টি ইউনিট
কাজ করেছে। আগুন সম্পুর্ণটাই নিয়ন্ত্রনে এসেছে।
