কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি মো. আমির হোসেনকে (৩০) আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এর আগে, গতকাল রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় র‍্যাব-৪ ও র‍্যাব-১০ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. আমির হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার দক্ষিণ মান্দারতলী এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জেরে হোসেন (১৪) নামে এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

র‍্যাব জানায়, পলাতক আসামি (বন্দি নম্বর ১০১৯) আমির হোসেন (৩০) অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান। পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন এবং স্থান পরিবর্তন করেন।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights