কাসেম সোলাইমানিকে হত্যা : যুক্তরাষ্ট্রকে ৫ হাজার কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন অর্থাৎ ৫ হাজার কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার সোলাইমানি হত্যার ক্ষতিপূরণ হিসেবে এমন নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ।

ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজানের খবর অনুসারে, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার চেয়ে আদালতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ মামলা করেন। সেই মামলার বিচারে মার্কিন সরকারকে বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৪৯ কোটি ৭০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, এ মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপারসহ ৪২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনায় ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সোলেইমানি।

এ হত্যাকাণ্ডের পর ওয়াশিংটন ও ইরানের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় চলে যায়। সোলাইমানির মৃত্যুর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিশ্বের শীর্ষ সন্ত্রাসী’কে অনেক আগেই শেষ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন।

ইরান ওই হামলার কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় কয়েক ডজন সৈন্য মানসিক সমস্যায় আক্রান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights