কিউএস র‌্যাঙ্কিংয়ে স্থান পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সম্প্রতি সংস্থাটির প্রকাশিত তালিকা থেকে তথ্যটি জানা গেছে।

জানা গেছে, ২০২৪ সালে ৯টি সূচকে ১০০ স্কোরে কিউএস র‌্যাঙ্কিং করা হয়েছে। এ সূচকের মধ্যে রয়েছে একাডেমিক খ্যাতি, নিয়োগকর্তার খ্যাতি, অনুষদ শিক্ষার্থীর অনুপাত, অনুষদের গবেষণাপত্রের সাইটেশন, আন্তর্জাতিক অনুষদ অনুপাত, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, কর্মসংস্থান, স্থায়ীত্ব। এতে ১০০ স্কোর নিয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দেশের দেড় শতাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ তালিকায় ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বৈশিকভাবে এদের অবস্থান ৬৯১-১৫০০ এর মধ্যে। এতে দেশে ১৩তম এবং বৈশিকভাবে ১৫০০ এর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে এ তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বৈশ্বিক অবস্থা ৬৯১-৭০০ এর মধ্যে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, র‌্যাঙ্কিং নিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে। সময় সল্পতার জন্য এবছর সংস্থাগুলোতে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সরবরাহ সম্ভব হয়নি। ফলে তুলনামূলকভাবে এ বিশ্ববিদ্যালয় পিছিয়ে আছে। তবে আগামীতে অবস্থার উন্নতি হবে। তাছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে দূতাবাসগুলোতে যোগাযোগ চলছে এবং শিক্ষা ও গবেষণা নিয়ে ৫০ বছরের মাস্টারপ্ল্যান তৈরি হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়ন হলে দেশের র‌্যাঙ্কিংয়ে এ বিশ্ববিদ্যালয় শীর্ষে অবস্থান করবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান এবং টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক অবস্থানেও এ বিশ্ববিদ্যালয় ১০০০-১৫০০ এর মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights