কিউবায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া দুই নৌকা নিখোঁজ

অনলাইন ডেস্ক
মানবিক সহায়তা সামগ্রী নিয়ে কিউবার উদ্দেশ্যে যাত্রা করা দুটি পাল-তোলা নৌকা মেক্সিকো ছাড়ার পর সাগরে নিখোঁজ হয়েছে। নৌকা দুটি খুঁজে বের করতে ক্যারিবিয়ান সাগরে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌকাগুলোর নাম ‘ফ্রেন্ডশিপ’ এবং ‘টিগার মথ’। নৌকা দুটিতে অন্তত ৯ জন ক্রু ছিলেন। নৌকাগুলো ২০ মার্চ মেক্সিকোর ইসলা মুহেরেস থেকে কিউবার রাজধানী হাভানা পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, তারা আশপাশের দেশগুলোর সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্র এবং কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নৌকা দুটি উদ্ধারে কাজ করছে। ক্রুদের মধ্যে পোল্যান্ড, ফ্রান্স, কিউবা ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন।

ত্রাণবাহী নৌকাগুলোর এক মুখপাত্র জানিয়েছে, ‘ক্যাপ্টেন এবং ক্রুরা অত্যন্ত অভিজ্ঞ নাবিক। নৌকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সংকেত পাঠানোর আধুনিক সরঞ্জাম রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছি এবং বিশ্বাস করি, নাবিকরা নিরাপদে হাভানায় পৌঁছাতে সক্ষম হবেন।’

নৌকাগুলোতে কিউবার জনগণের জন্য খাদ্য, ওষুধ, সোলার প্যানেল, শিশুখাদ্য ও বাইসাইকেলসহ বিভিন্ন মানবিক সহায়তা ছিল। যাত্রার সময় ‘ফ্রেন্ডশিপ’-এর ক্যাপ্টেন আদনান স্টুমো বিবিসিকে বলেছিলেন, ‘আমরা বিপুল পরিমাণ ত্রাণ এবং সংহতি প্রকাশ করা একদল কর্মী নিয়ে সরাসরি কিউবার উদ্দেশ্যে যাত্রা করছি। কিউবার জনগণের মর্যাদাপূর্ণ জীবনযাপনকে ধ্বংস করার অবরোধের পাশে আমরা দাঁড়াব না।’

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ নৌকাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সহযাত্রী ভাইদের উদ্ধারে আমাদের দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights