কিছু ইতিবাচক থাকলেও এবারের বাজেট উচ্চাভিলাষী: নাহিদ ইসলাম

অনলাইন ভার্সন
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ-হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই রয়েছে। নেতিবাচক দিক থেকে এবারের বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বাজেটের দুই দিকই পর্যালোচনা করছি। অর্থমন্ত্রীর বক্তব্যে দেশের আর্থিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ইতিবাচক দিক হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দও বাড়ানো হয়েছে। যেহেতু সরকার নির্বাচনের আগে থেকেই কার্ডভিত্তিক নীতিতে কাজ করছে, তাই এই খাতে বরাদ্দ বৃদ্ধি মানুষের উপকারে আসতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, নিত্য-প্রয়োজনীয় কিছু পণ্যে কর কমানো হয়েছে। যদি এটি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। তবে এই পরিকল্পনা কার্যকর হবে কিনা তা এখন দেখার বিষয়।

নাহিদ ইসলাম বাজেটের সমালোচনা করে বলেন, আমাদের মনে হচ্ছে এবারের বাজেট উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত।কারণ এই বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা তারা ব্যয় করবে। আয় হিসেবে তারা বলছে যে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights