কিশোরীকে হত্যার আলামত এক টুকরো বাঁশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বরুড়া উপজেলার সোনাইমুড়ীতে পপি আক্তার (১৭) নামে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে শ্বাসরোধে হত্যা করা হয়। কিশোরীকে হত্যার আলামত হিসেবে পুলিশ এক টুকরো বাঁশ উদ্ধার করেছে।

এ ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
গ্রেফতার আসামিরা হলেন উপজেলার মহিষমারা এলাকার ফারুক হোসেন শামীম (২৭) ও একই এলাকার কাশেম হোসেন (৪৪)।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা আদালতে ১৬৪ ধারায় খুনের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান জানান, ঘটনার দিন গত ১৩ ডিসেম্বর দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে পপি ছাগল চরাতে যায়। এ সময় আসামি ফারুক হোসেন শামীম পপিকে কুপ্রস্তাব দেন। এতে পপি রাজি না হলে অপর আসামি কাশেম হোসেনের সহায়তায় পপিকে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। পপি চিৎকার করলে পাশে থাকা একটি বাঁশের টুকরো দিয়ে তার গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের খালে ফেলে চলে যায় তারা।

এ ঘটনায় নিহতের পরিবার ১৫ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করে।পরে স্থানীয় সূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights