কী কারণে বাদ পড়েছি, না জানার কিছু নেই: চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে লিটন

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১২ জানুয়ারি) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের। অবশ্য বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি।

এদিন সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের।

এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।

ম্যাচ শেষে রবিবার (১২ জানুয়ারি) সংবাদ সম্মেলনে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, ‘এটা আমার হাতে নেই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং পরে একই আছে বলেও উল্লেখ করেন লিটন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

বিপিএলে সবশেষ দুই ম্যাচে বড় ইনিংস, এখন কি মনে হচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতেন? লিটন এমন প্রশ্নেও আবার টানলেন নির্বাচকদের প্রসঙ্গ, ‘দেখেন ভাই, এটা এখন খুবই কঠিন বলা। আমি ওনাকে উত্তর দিয়েছি, কল সম্পূর্ণ নির্বাচকদের। ওনারা মনে করেছেন, এই মুহূর্তে আমি দলে ফিট হচ্ছি না, তাই নাই। যদি তারা আবার আমার খেলা দেখে মনে করেন যে, আমি ফিট হওয়ার মতো, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। চেষ্টা করব কীভাবে ভালো করা যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights