কী চাই তা সঠিক জানি কি
সিরাজুল ইসলাম চৌধুরী
কী চাই না, সেটা তো মনে হয় জানি, নইলে চলবে না, মানি না, মানব না, এসব আওয়াজ সমবেত কণ্ঠে তত ঘনঘন তুলি কীসের জোরে? কেবল আওয়াজ নয়, আন্দোলনও গড়ে ওঠে, রক্তপাত ঘটে এবং অভ্যুত্থানও সম্ভব হয়। শাসকদের পতন, পলায়ন পর্যন্ত দেখতে পাওয়া যায়। কী চাই, কী দিতে হবে সে আওয়াজও ওঠে, কিন্তু তাতে অতটা জোর থাকে না। ঘটনা আসলে এটাই যে চাওয়ার ব্যাপারটা খুব স্পষ্ট থাকে না। হ্যাঁ, আমরা সবাই জানি, সুখ ও স্বস্তি চাই। স্বস্তি প্রথমে, সুখ অবশেষে। কিন্তু সুখ বলতে প্রকৃত প্রস্তাবে কী বোঝাই সেটা স্পষ্ট হয় না এবং সুখ কীভাবে যে আসবে সেটাও পরিষ্কার জানি না। পরিষ্কার করার কথা বুদ্ধিজীবীদের এবং সমাজ পরিবর্তনের জন্য সংগ্রামে নিয়োজিত রাজনৈতিক নেতৃত্বের। সেটা যে তাঁরা বলা থেকে বিরত থাকেন এমনও নয়। কার্যকারণও বিশ্লেষণ করেন। কিন্তু কেন জানি না পথের ধারণাটা স্পষ্ট করে তোলেন না। হতে পারে ব্যাপারটা তাঁদের কাছেও খুব স্পষ্ট নয়। আর আমরা যারা সাধারণ মানুষ তাদের নির্ভরতা তো এঁদের ওপরই। এ ক্ষেত্রে সবচেয়ে অগ্রসর অবস্থানে থাকার কথা কমিউনিস্টদেরই। কিন্তু এ দেশে সে প্রত্যাশা কখনোই পূরণ হয়নি। পুঁজিবাদবিরোধী আন্দোলনের ক্ষেত্রে তাঁরা আপসহীন। কিন্তু পথটা যে সামাজিক বিপ্লবের মধ্য দিয়ে সম্পত্তির ব্যক্তিগত মালিকানাকে হটিয়ে দিয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করার সে কথাটা পরিষ্কারভাবে বলেন না। ফলে লোকে যে বিপ্লবী প্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে উঠবে সেটা ঘটে না। উপমহাদেশের দেশিবিদেশি সব শাসকই দুর্বল কমিউনিস্ট পার্টিকে প্রধান শত্রু হিসেবে বিবেচনা করেছে। কারণ তারা ভাবত, ওই পার্টি সামাজিক মালিকানা প্রতিষ্ঠার ব্যাপারে কোনো আপস করবে না। কিন্তু কমিউনিস্ট পার্টি তাদের কাজের মধ্য দিয়ে তো বটেই বক্তব্য প্রচারের ক্ষেত্রেও জনগণকে সামাজিক বিপ্লবের পথে ডাক দেয়নি, অস্পষ্টভাবে যা বলেছে তা মনে হয়েছে বিদেশি কমিউনিস্ট পার্টির স্বদেশি অনুসরণ নির্ধারণের বই নয়। অনেক ক্ষেত্রেই তাদের বক্তব্য মনে হয়েছে যান্ত্রিক।
চিন্তার ক্ষেত্রে ভারত যে বাংলাদেশের তুলনায় ঐতিহাসিকভাবেই অগ্রে-প্রতিষ্ঠিত তাতে তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিগুলো চিন্তাধারার ক্ষেত্রে যেমন, রণকৌশলের ব্যাপারেও তেমনি ভারতীয় কমিউনিস্টদের আন্দোলন ও চিন্তাধারার উত্তরসূরি। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রধান দুর্বলতা ছিল সাধারণ নির্বাচনে বুর্জোয়াসুলভ অবিচল আস্থা। অথচ শাসকরা যে নির্বাচন দিয়েছে তার উদ্দেশ্যই ছিল সামাজিক বিপ্লবের সম্ভাবনাকে অর্থাৎ মেহনতী মানুষের বিপ্লবী অভ্যুত্থানকে প্রতিহত করা। পার্টির নেতারা যে বিপ্লবের বিষয়ে চিন্তা করেননি তা অবশ্যই নয়, কিন্তু সে লক্ষ্যটাকে সামনে না রেখে বুর্জোয়া রাজনীতিকদের পিছু পিছুই হেঁটেছেন।
ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্কসবাদী অংশটি চিন্তার ক্ষেত্রে যে অগ্রসর ছিল; দুই বছর আগে প্রয়াত সীতারাম ইয়েচুরির লেখায় সে সত্যের প্রকাশ আছে। নাতিদীর্ঘ চমৎকার সংকলনটি পড়ে কিন্তু কিছুটা হতাশই হলাম। সমাজবিপ্লবের কথা তিনি যে বলেননি তা নয়, তবে সেটা দেখলাম ভোরের স্বল্পকালীন আলোর রশ্মির মতো, প্রখর রোদে অচিরেই হারিয়ে যাওয়া যার প্রায় অবধারিত, আসলে তেমনটা ঘটেছে। অথচ কমিউনিস্ট পার্টির ডাকে যাঁরা সাড়া দিয়েছেন তাঁরা সমাজবিপ্লবের ডাকের জন্যই অপেক্ষা করছিলেন। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি, স্বাধীনতার পরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যখন ‘বিপ্লব বিপ্লব সামাজিক বিপ্লবে’র রণধ্বনি তুলেছিল তখন কীভাবে হাজার হাজার তরুণ, যারা মুক্তিযুদ্ধে লড়াই করেছে এবং একটি সামাজিক বিপ্লব প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল, তারা কীভাবে জাতীয় সমাজতন্ত্রীদের ওই ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছে, সভা-সমাবেশে যোগ দিয়েছে, বহুসংখ্যক তরুণ প্রাণ পর্যন্ত দিয়েছে। জাতীয় সমাজতন্ত্রীদের নেতারা কিন্তু জাতীয়তাবাদকে ভোলেননি এবং তাঁদের জাতীয়তাবাদ ছিল পুরোপুরি সমাজতন্ত্রবিরোধী, দলীয় প্রবণতাটা ছিল ফ্যাসিবাদী। কমিউনিস্ট বিপ্লবীরা দেখলেন প্রতিবিপ্লবীরা মাঠ দখল করে তো নিয়েছেই, এমনকি তাঁদের সমাজবিপ্লবী রণধ্বনিটিও ছিনতাই হয়ে গেছে। সাতচল্লিশের পরে ভারতীয় কমিউনিস্ট পার্টি যদি ‘ইয়ে আজাদি ঝুটা হ্যায়’ নামে নিতান্ত অসময়োচিত রণধ্বনি না তুলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবের আওয়াজ দিত তাহলে সমাজতান্ত্রিক আন্দোলন সঠিক পথে এগোত। সে আওয়াজ ঁতারা তখনো তোলেনি, এখনো তুলছে না।
সিতারাম ইয়েচুরি আরও একটি ভ্রান্তিকে প্রশ্রয় দিয়েছেন। সেটি হলো ভারতের ঐক্য, যে ঐক্যের অর্থ দাঁড়ায় ভারতবর্ষ বহুজাতিক নয়, এক জাতির দেশ, যে দাবি কংগ্রেসিরা সামনে নিয়ে আসায় ভারতবর্ষ শেষ পর্যন্ত দ্বিজাতি তত্ত্বের ভ্রান্ত ভিত্তিতে দ্বিখণ্ডিত হয়েছে। তার লেখাগুলো পড়তে গিয়ে আরও একটা ধাক্কা খেলাম এটা লক্ষ্য করে-একালেও তিনি তথাকথিত ‘জাতপাতে’র প্রশ্নটাকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন, শ্রেণি বিভাজনের প্রশ্নটির তুলনায়।
২. ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ থেকে সামরিক যুদ্ধে গমন এবং পরে আবার বাণিজ্য যুদ্ধে প্রত্যাবর্তন আমেরিকার যে ক্ষতি করেছে তা প্রায় অপূরণীয়। আমেরিকা অদম্য, এই ধারণা ভেঙে গেছে। ঋণ করে ঘি খাওয়ার যে নীতি আমেরিকা লালন করছিল ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেই নীতির চরম পরিণতি দৃশ্যমান হয়ে পড়েছে। ঋণের পরিমাণ ইতোমধ্যে সব রেকর্ড ভেঙে ফেলেছে। আর জলবায়ু পরিবর্তনকে একটি ভ্রান্ত প্রচারণা বলে ট্রাম্প যে দুঃসাহসী মন্তব্য করে যাচ্ছিলেন সে বার্তা কতটা মিথ্যা ছিল তা-ও জলবায়ু পরিবর্তনের দুর্দমনীয় নিষ্ঠুরতায় বিশ্ববাসী সেটা টের পাচ্ছে। এতকাল এবং বহুকাল ধরে ইউরোপ ছিল শীতের দেশ, সেই ইউরোপে তাপমাত্রা এমন বেড়েছে যে সেখানকার মানুষ এখন রীতিমতো দিশাহারা। বেলজিয়ামের কিছু মানুষ প্রাণ বাঁচানোর আশায় পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু একবারের ঘটনায় ৪২ জন পানিতে প্রাণ হারিয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রায় তিন মাস আগে। ৩৫ বছর পরে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা। যিনি নির্বাচিত হয়েছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর-তাঁকে আমরা অভিনন্দন জানাই। ওই পদের জন্য তাঁর নিজ দলে যোগ্য দ্বিতীয় কেউ ছিলেন বলে আমরা জানি না। তিনি বিনয়ী ও প্রজ্ঞাবান; জনগণের প্রতি ভালোবাসায় অবিচল। আওয়ামী দুঃশাসনের আমলে যে পরিমাণ নির্যাতন তিনি সহ্য করেছেন তাতে অত্যাচারকারীদের মুখচ্ছবি প্রতিভাত।
৩. রাষ্ট্রপতি পদের জন্য তিন দশক পরে যে দুজন প্রার্থীর ভিতর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাঁরা উভয়েই অবশ্য একসময় একই দল, বিএনপিতেই ছিলেন। ফখরুল ইসলাম আলমগীরের তুলনায় তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি আহমদ বরং বিএনপিতে পূর্বাহ্নেই যুক্ত হন, প্রতিষ্ঠাকালীন একজন হিসেবে। জিয়াউর রহমানের তিনি যে কেবল নিকটবর্তী ছিলেন তা নয়, মুক্তিযুদ্ধে ঘনিষ্ঠ সহযোদ্ধাও ছিলেন। বিএনপি গঠিত মন্ত্রিসভায় একসময় তিনি সদস্যও হয়েছিলেন। বিশেষ প্রকারের সুবিধা হচ্ছে না দেখে পরে সরে যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল পর্যন্ত গঠন করেন। সেই তিনি যে জামায়াতে ইসলামীর হয়ে রাষ্ট্রপতি পদের প্রার্থী হবেন এটা বলতে গেলে অকল্পনীয়ই ছিল বটে। সেই সঙ্গে মর্মান্তিক রূপে দুঃখজনকও। এমন বিচ্যুতি কী করে সম্ভব? তবু আশা করব, তিনি মুক্তিযুদ্ধের পক্ষ ত্যাগ করে আলবদর-রাজাকারদের আদর্শ গ্রহণ করবেন না; সেটা রাষ্ট্রীয় ক্ষমতার অংশভোগী হওয়ার কোনো আশা নেই দেখে সুবিধালোভী নির্লজ্জের মতো নিজেকে জাহির করেছেন, তালেবানি যোদ্ধায় রূপান্তরিত হননি। রাষ্ট্রপতি পদে অনেককাল আগে এবং বর্তমান ঘটনার পূর্ববর্তী প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছিল সেটা ছিল বিএনপি প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর। অত্যন্ত লজ্জাজনক একটি কাজ সে নির্বাচনকেও স্মরণীয় করে রেখেছে। আওয়ামী প্রার্থী বদরুল হায়দার চৌধুরী ভোটের জন্য জামায়াতের আমির অধ্যাপক গোলাম আযমের দোয়া চাইতে তাঁর দরবারে গিয়ে হাজির হয়েছিলেন। তবে সে ঘটনার তুলনায় অলি আহমদ সাহেবের কাজটা অনেক বেশি গর্হিত বৈকি। বদরুল হায়দার চৌধুরী ছিলেন সাবেক বিচারপতি; আওয়ামী লীগের সমর্থক বটে কিন্তু ওই দলের নেতা ছিলেন না। তা ছাড়া তিনি জামায়াতের হয়ে দাঁড়াননি, আওয়ামীদের হয়েই জেতার লোভে জামায়াতের দ্বারস্থ হয়েছিলেন। কর্নেল অলি যা করলেন তাতে সুবিধাবাদিতা বোঝা গেল, ক্ষমতালিপ্সা রাজনৈতিক নৈতিকতাকে অধঃপতনের কোন তলানিতে নিয়ে গেছে। এরপর আর বাকি রইল কী?
লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
