কুড়িগ্রামে জামায়াতের আমীরসহ ১১ নেতাকর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালতে জামিনপ্রাপ্ত ১২ জামায়াত-শিবির নেতাকর্মীর মধ্যে ১১ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ মো. আলমগীর কবীরের আদালতে এ আদেশ প্রদান করা হয়।

জেলা জামায়াতের আমীর মো. আব্দুল মতিন ফারুকীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা মো. আব্দুল হাই, মো. আইয়ুব আলী, মো. আব্দুল হক, মো. শাকিব জামান, মো. আব্দুর সবুর, মো. আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম, মো. আব্দুল আউয়াল ও মো. কফিল উদ্দিন রয়েছে। একই মামলায় আদালত জামিন আদেশ দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা জামায়াতের রোকন সদস্য অ্যাডভোকেট ইয়াসিন আলীকে।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রামে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী পেট্রোল পাম্প এলাকায় সড়ক অবরোধ করে আড়াই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে সরকার বিরোধী মিছিল ও শ্লোগান প্রদান, সড়ক অবরোধ, ক্ষতিসাধন, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। এরই অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আড়াইশ’ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় এজাহার দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট আসামিদের ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন গত ৪ জানুয়ারি যা গত ১৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয়ে যায়। পরে অভিযুক্তরা সোমবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত একজনকে জামিন প্রদান করে বাকী ১১ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights