কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৩.০৬.২০২৬
কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর এক যাত্রী নিহত হয়েছেন| এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন|
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাটের ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়|
নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে আইয়ুব আলী| তিনি পেশায় সুপারি ব্যবসায়ী|
এ ঘটনায় আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে|
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|
#
