কুড়িগ্রামে তরুণ-তরুণীদের নিয়ে চাকুরিমেলা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি॥ ২৬ মে ২০২৫
কুড়িগ্রামে তরুণ ও তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো চাকুরিমেলা। সোমবার (২৬ মে) দুপুর ১টায় কুড়িগ্রাম সদরের দাসেরহাট এলাকায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রভাতী প্রকল্পের আওতায় পরিচালিত ইএসডিও কুড়িগ্রাম ইকো ট্রেনিং সেন্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী আবু তৈয়ব সরকার, মার্কেট সুপারভিশন অফিসার মনজুরুল হক, এলজিইডির প্রভাতী প্রকল্পের রিজিওনাল লাইভলিহুড অফিসার আব্দুল হাই এবং ইএসডিও প্রভাতী প্রকল্পের সেন্টার ইনচার্জ রফিকুল ইসলামসহ অন্যান্য উন্নয়নকর্মীরা।
চাকুরিমেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ৩৫০ জন বেকার যুবক-যুবতীর সিভি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত করে প্রাণ-আরএফএল কোম্পানি।
চাকুরিপ্রত্যাশী কুড়িগ্রাম সদরের মারুফা খাতুন বলেন, “ইএসডিওর এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
রাজারহাট উপজেলার জোনায়েদ জানান, “আজকের চাকুরিমেলায় অংশ নিয়ে আমি চাকুরি পেয়েছি। নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।”
উল্লেখ্য, ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)’ প্রকল্পটি এলজিইডির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা বেকার জনগোষ্ঠীকে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা করছে।
