কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী তোতা ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, সকালে চা পান শেষে বাড়ির কাছের সড়কে দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল হঠাৎ তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, চর হরিকেশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার রয়েছে। এর প্রভাবে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে বলেও অভিযোগ তাদের। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার এবং চর হরিকেশ এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত জলিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights