কুড়িগ্রামে ফের বেড়েছে শীত, জনজীবন বিপর্যস্ত
কুড়িগ্রাম প্রতিনিধি
বর্তমানে মাঘের শীত চলছে। বিগত এক মাস ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী হলেও কয়েকদিন তা বাড়তে থাকে। গত কয়েকদিন বিরতির পর নতুন করে ফের তাপমাত্রা কমছে কুড়িগ্রাম জেলায়।
শনিবার সকাল থেকে ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবার বিকেলে শুরু হয়েছে কনকনে ঠাণ্ডা, সাথে হিমেল হাওয়া। ফলে জেলার মানুষজন আবারো নতুন করে শীতে কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে নদী তীরের চরাঞ্চলের স্বাভাবিক জনজীবন কাহিল হয়ে পড়েছে অতিরিক্ত হিমেল হাওয়া ও ঠাণ্ডায়।
শহরের তুলনায় বহুগুণ বেশি কষ্টে দিন কাটাচ্ছে নদীঘেরা চরের এসব মানুষ। সীমিত আয়ের কারণে অনেকের পক্ষেই শীত নিবারণের ন্যূনতম শীতবস্ত্রও নেই। অনেকেই দিনের বেলা সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। জেলা প্রশাসক ও জেলা ত্রাণ পুনর্বাসন সূত্রে পাওয়া সরকারিভাবে ৯ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। ফলে অধিকাংশ মানুষের ভাগ্যে জোটেনি সরকারি কম্বল। অনেকেই ঠাণ্ডার কারণে ফুটপাতের কম দামের শীতবস্ত্র কিনেন।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, শনিবার ভোর ৬টায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা গত পাঁচদিনের ব্যবধানে সর্বনিম্ন। দুপুর ১২টার পর তাপমাত্রা বৃদ্ধি পায়। এরপর তাপমাত্রা আবার কমতে থাকে। মূলত সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ফের তাপমাত্রা কমেছে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, চলতি শীত মৌসুমে ২৫ হাজার কম্বল জেলার ৯ উপজেলায় বিতরণ করা হয়েছে। নতুন করে ৪০ লাখ টাকার কম্বল কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব কম্বল আবারো বিতরণ করা হবে।
