কুড়িগ্রাম পৌরসভার সাবেক ৮ কমিশনারের বিএনপিতে যোগদান

কুড়িগ্রাম প্রতিনিধি

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থক কুড়িগ্রাম পৌরসভার সাবেক আটজন কমিশনার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানকারীরা হলেন সাবেক কমিশনার আনিছুর রহমান, মোস্তফা কামাল, হারুনর রশিদ, আব্দুল মালেক, জমশেদ আলী টুংকু, সংরক্ষিত মহিলা কমিশনার সহিরন বেগম ও মুক্তা বেগম এবং হলোখানা ইউনিয়নের সাবেক কমিশনার মকবুল হোসেন। যোগদানের পর তারা বিএনপির সদস্য ফরম পূরণ করেন। এ সময় নেতৃবৃন্দ নবাগতদের বিএনপির ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে কুড়িগ্রাম পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক উমর ফারুক, সাবেক সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন ও আজিজুল হক এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন কমিশনার, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights