কুতুবদিয়ায় গভীর সাগরে ভাসমান চার শ্রমিক উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে গভীর বঙ্গোপসাগরে ভাসমান চার শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ঘণ্টার বেশি সময় সমুদ্রে ভাসমান থাকার পর উপজেলার আব্দু সত্তারের মালিকানাধীন একটি মাছ ধরা নৌকার জেলেরা ভাসতে থাকা শ্রমিকদের উদ্ধার করেন। পরে তাদেরকে উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন নৌকার মালিক আব্দুস সত্তার।

উদ্ধার ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মো. খলিলের পুত্র মো. ফাহিম (১৮), নেত্রকোণার পূর্ব ধলা উপজেলার পূর্বধলা ইউনিয়নের মো. মিলনের পুত্র মো. রনি (২০), ভোলার বোরহান উদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মৃত বশির মিয়ার পুত্র মো. মনিরুল ইসলাম (২৩) এবং ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আব্দুল মন্নানের পুত্র মো. জুবায়ের হোসেন (১৬)।

তারা জানান, দালাল চক্র তাদের একটি কাজের কথা বলে জাহাজে তুলে অন্য একটি কাজ দেয়। সেটা তাদের পক্ষে সম্ভব নয়। কাজ না করলে তাদের নির্যাতন করা হয়। নির্যাতনের মাত্রা সইতে না পেরে তারা শুক্রবার সকালে সাগরে ঝাপিয়ে পড়েন।
এ বিষয়ে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর রাব্বি বলেন, স্থানীয় মাছধরা একটি নৌকা সাগর থেকে তাদেরকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। উদ্ধারকৃতরা সবাই সুস্থ ছিলেন। পরে তাদের তথ্যমতে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights