কুতুবদিয়ায় জোয়ারে তলিয়ে গেল ওয়াটার অ্যাম্বুলেন্স

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার অ্যাম্বুলেন্সটি রক্ষণাবেক্ষণের অভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর দেওয়া এই নৌ-অ্যাম্বুলেন্সটি গত দেড় বছর ধরে বড়ঘোপ স্টিমার ঘাটে ‘অবহেলায়’ পড়ে ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জোয়ারের পানি বাড়লে ঘাটে কাত হয়ে থাকা বোটটির ভেতরে পানি ঢুকে পড়ে এবং একপর্যায়ে এটি সম্পূর্ণ তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মুরাদ নামের এক বাসিন্দা বলেন, ‘অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় নোঙর করা ছিল। আজ পানি বাড়ার পর এটি ডুবে গেলেও দুপুর পর্যন্ত উদ্ধারে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।’

জানা গেছে, উদ্বোধনের পর থেকেই অতিরিক্ত জ্বালানি খরচের অজুহাতে এটি ব্যবহার না করে ঘাটে ফেলে রাখা হয়েছিল। সঠিক দেখভালের অভাবে অ্যাম্বুলেন্সটি এখন ব্যবহার অনুপযোগী হওয়ার পথে।

এ বিষয়ে কুতুবদিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব উল আলম জানান, অ্যাম্বুলেন্সটি তলিয়ে যাওয়ার বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ বলেন, ‘দুপুরে ঘাটে লোক পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights