কুতুবদিয়ায় তিন জেলে নিখোঁজ
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের মানিক চাঁদ পাড়ার আলম নুরের ছেলে বক্কর, একই ইউনিয়নের নয়া পাড়ার আক্তার হোসেনের ছেলে ইউচুপ এবং আব্দুল আখেরের ছেলে রাহাত।
জানা যায়, গত শুক্রবার কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের জামাল উদ্দিনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা ৬ জেলে নিয়ে সাগরে যায়। রবিবার রাতে নিজেদের জালে মাছ ধরার সময়ে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন জেলে নিখোঁজ হয়। এ অবস্থায় মহেশখালীর ধলঘাটার সাবের কোম্পানির ফিশিং ট্রলারের মাঝির নজরে পড়লে তাদের উদ্ধার করে ও ধলঘাটায় নিয়ে যায় বলে জানান ইউপি সদস্য মোক্তার আহমেদ।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোইপ্রো মারমা জানান, তিন জেলে নিখোঁজের বিষয়টি তিনি অবগত ছিলেন না। তবে, দ্রুত তাদের ব্যাপারে খুজখবর নেয়া হবে বলে জানান।
