কুতুবদিয়ায় নোঙর করা জাহাজে আগুন, নাবিক উদ্ধার
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কুতুবদিয়া পয়েন্টের পশ্চিমে নোঙর করা বিএলপিজি সুফিয়া নামে একটি জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল রবিবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর সাগরে নোঙর করা ওই জাহাজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
খবর পেয়ে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও চারটি স্পিডবোট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও পোর্টের অগ্নিনির্বাপক দলসমূহ যৌথভাবে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি
