কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক বখাটের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বেলাল উদ্দিন ওই এলাকার শামসুদ্দিনের ছেলে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বুধবার বিকালে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে প্রতিবন্ধী স্বামীসহ ঘরে ঘুমিয়ে ছিলেন গৃহবধূ। গভীর রাতে রান্নাঘরের দরজার হুক খুলে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে বেলাল। গৃহবধূর চিৎকারে স্বামীর ঘুম ভেঙ্গে গেলে বখাটে বেলালকে ঝাপটে ধরে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে উলঙ্গ অবস্থায় সে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, বেলাল উদ্দিন একজন লম্পট ও বখাটে শ্রেণীর লোক। এর আগেও সে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ভিকটিমের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
