কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিদর্শন করেছেন। পরিদর্শনের অংশ হিসেবে প্রকৌশল অনুষদের বিভিন্ন অবকাঠামো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে অনুষদ সদস্যদের সাথে আলোচনা করেন।

পরিদর্শন শেষে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলীর সাথে প্রতিনিধি দলের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন—জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো ও কাতসুকি নাহু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান এবং আইসিটি সেলের পরিচালক ড. মো. মেহেদী হাসান।

বৈঠকে জানানো হয়, জাইকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘আইসিটি শিল্প এবং নতুন উদ্ভাবনের প্রচারের জন্য আইসিটি ইঞ্জিনিয়ারদের উন্নয়ন প্রকল্প’ এর আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষককে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ক্লাউড কম্পিউটিং ও ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষকরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ট্রেনিং প্রোগ্রামের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এ প্রকল্পের সুফল পাবে।

উপাচার্য বৈঠকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (এনআইআই), জাপানের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগিতা জোরদার ও প্রযুক্তি উদ্ভাবন খাতে শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জাইকা প্রতিনিধি দল এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights