কুমিল্লায় বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে পুড়েছে ৩টি বাস, তদন্ত চলছে
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সবকটি যানবাহন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টার্মিনালে অবস্থানরত কিছু যুবকের অসতর্কতায় লাইটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগে তিনটি বাসই পুড়ে গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি বাস টার্মিনালে পার্কিং অবস্থায় ছিল। দুপুরের দিকে কয়েকজন যুবক ওই বাসগুলোর ভেতরে বসে মাদক সেবন করছিলেন। এ সময় তাদের ব্যবহৃত লাইটার থেকেই আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
