কুমিল্লায় বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে এক বৃদ্ধা নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার চরকুমারীয়া চকের একটি ফসলি জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। উদ্ধার কঙ্কালটি উপজেলা চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের (৬৫) বলে জানা যায়। তিনি মামার বাড়িতে থাকতেন। তিনি নি:সন্তান ছিলেন ও ছাগল পালতেন। গত ৫ আগস্ট ছাগলের ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি।
শনিবার স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিষ্কার করতে গিয়ে জমির ঘাসের উপর মানবদেহের মাথারখুলি, হাত, পায়ের ও বুকের পাজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। এলাকাবাসী কঙ্কালের নীচে পড়ে থাকা মৃতের পরনের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ট্রিপল নাইন এ ফোন পেয়ে এসে মানবকঙ্কালের বিভিন্ন অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষা কারানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বুঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
