কুমিল্লা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই কয়েদির নাম মোতালেব (৫০)। তিনি সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার আলী আহমেদের ছেলে।
কারা সূত্রে জানা গেছে, হৃদরোগের আক্রান্ত হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কয়েদিকে। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।
কারাবন্দী মোতালেব ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদি মারা গেছেন। সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
