কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়কসহ ৩৩০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশের ওপর হামলা করেছে এমন অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।

তিনি বলেন, ২৮ অক্টোবর হরতাল সমর্থকরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও তারা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, বিনা কারণে আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অনেকে আহত হন। কয়েকজনকে আটক করে নিয়ে যায়। এখন উল্টো পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানা গেছে, রবিবার (২৮ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে হরতাল সফলের দাবিতে মিছিল বের করে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিল রাজগঞ্জ হয়ে চকবাজার পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় লাঠিপেটা ও পালানোর সময় আহত হন অন্তত ২০ জন। পুলিশের দাবি, ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights