কুমিল্লা-১০ আসনে নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের প্রচারণায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযাগ উঠে অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ারের বিরুদ্ধে।

এ সময় তিনি ওই সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, সাংবাদিকের এতো ভিডিও’র দরকার নাই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নাই। আমরা ছবি তুলতে ঢাকা থেকে লোক এনেছি।

তিনি লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেলের ক্যামেরাটি নিয়েছেন। এছাড়া দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কালের কণ্ঠের লামাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির বলেন, অর্থমন্ত্রীর কন্যা লালমাইয়ে নৌকার প্রচারণায় এসেছেন তাই আমরা লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসি। সবাই ভিডিও করছিল। আমি পাশে দাঁড়ানো। এমন সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার এসে এক সাংবাদিকের ক্যামেরা নিয়ে নেন। এছাড়া আরেকজন সাংবাদিকের ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি ক্যামেরা ফেরত দেন।

এ বিষয়ে গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, কোনো সাংবাদিককে আমি চিনিও না। আর কোনো সাংবাদিকের ক্যামেরা আমি নেইনি। পারলে প্রমাণ করেন।

সাংবাদিক গাজী মামুন বলেন, আমি ৫ বছর সাংবাদিকতা করি। চেয়ারম্যান সাহেবের নিউজ বেশি করেছি। তিনি আমাকে না চেনার কথা নয়। তিনি এমন কেন করলেন বুঝতে পারলাম না।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, আসলে সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এইমাত্র জানলাম, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করলে আমি বিষয়টা দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights