কুয়াশায় বিপজ্জনক যোগাযোগ

প্রতিদিন ডেস্ক
ঘন কুয়াশার কারণে বিপজ্জনক হয়ে উঠেছে যোগাযোগ পথগুলো। এ অবস্থায় গত শনিবার রাত থেকে বড় মাপে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সিগঞ্জ এক্সপ্রেসওয়েতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। পদ্মায় ঘটেছে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ। কুয়াশার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলে গেছে চট্টগ্রাম-কলকাতা-হায়দরাবাদ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

ঢাকা : ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা চারটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে একটি ফ্লাইট চট্টগ্রামে, দুটি ভারতের কলকাতায় এবং আরেকটি হায়দরাবাদে গিয়ে অবতরণ করে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, কুয়াশার কারণে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। পরে কুয়াশা কমলে ফ্লাইটগুলো যাত্রীসহ ঢাকায় এসে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ওমান থেকে আসা সালাম এয়ারের একটি ও কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি। সৌদির রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট হায়দরাবাদ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।

মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিংপাড়া আন্ডারপাসের ওপর ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ছয়টি দুর্ঘটনায় ১৩ যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক প্রাইভেট কারচালক ফরহাদ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার জানান, গুরুতর আহত অবস্থায় ফরহাদ হোসেনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত চালক ফরহাদ ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তার লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুুল কাদের জিলানী জানান, গতকাল সকাল ৭টার দিকে সিংপাড়া আন্ডার পাসের ওপর মাওয়ামুখী অজ্ঞাত কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে একই সময় পেছনে থাকা অজ্ঞাত আরেকটি বাসসহ সাকুরা, এনা ও গোল্ডেন লাইন পরিবহনের তিনটি যাত্রীবাহী পরিবহনের পেছনে পরপর ধাক্কা লাগে। একই সময় পুলিশ লেখা আরও একটি মাইক্রোবাস এসে ধাক্কা লাগায়। তখন প্রাইভেট কারচালক ফরহাদ গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে ওই চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ওসি আরও জানান, রাত সাড়ে ৩টার দিকে হাসাড়া এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। মোট এই রাতে ছয়টি ঘটনা ঘটে। ছয়টি সংঘর্ষে ১৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল : ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে বরিশাল-ঢাকা রুটের দুই বিলাসবহুল লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার দিনগত গভীর রাতে সংঘর্ষে দুই লঞ্চের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুই লঞ্চের যাত্রীরা অক্ষত ছিলেন। লঞ্চ দুটি হলো বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ ও ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০। এমভি কীর্তনখোলা ১০ লঞ্চের যাত্রীরা জানান, রাত সোয়া ২টা থেকে আড়াইটার দিকে লঞ্চটি মেঘনা নদী দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় নদীতে এত ঘন কুয়াশা ছিল যে, একহাত সামনের কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের সঙ্গে এমভি কীর্তনখোলা ১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন চালক দ্রুত কীর্তনখোলা ১০ লঞ্চকে তাৎক্ষণিক নদী তীরে নেয়। সংঘর্ষে কীর্তনখোলা ১০ লঞ্চের শুধু সামনের অংশ ও যাত্রীদের ২০টির অধিক মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কীর্তনখোলা-১০ লঞ্চ যাত্রীদের নিয়ে সদরঘাটে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights