কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা ইরানের, প্রতিহতের দাবি সেন্টকমের

অনলাইন ডেস্ক

কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরান নতুন করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হামলায় ব্যবহৃত একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা বা সামরিক সম্পদের ক্ষতি হয়নি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘কুয়েতে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালায় ইরান। কিন্তু মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেগুলো ধ্বংস করেছে।’

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং কোনো মার্কিন সদস্য বা সামরিক সম্পদের ক্ষতি হয়নি।

এর আগে ইরানের আইআরজিসি দাবি করেছিল, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, রাতভর কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে বুধবার ভোরে সেন্টকম জানায়, তারা কেশম দ্বীপে একটি ইরানি স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এটি ছিল ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে হামলার ক্ষয়ক্ষতি এবং ঘটনার বিস্তারিত বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights