কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের দক্ষিণবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

বসুন্ধরা শুভসংঘের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ড. রজত কান্তি ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা মো. মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল এবং সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও খায়রুল ইসলাম রুমেল, সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমেদ রাফি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল ইসলাম খানসহ অন্যরা।

শুভসংঘের উপদেষ্টা মাহফুজ শাকিল জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন দরিদ্র ও অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. মহিউদ্দিন বলেন, বসুন্ধরা শুভসংঘ সারাদেশে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে এ উদ্যোগ প্রশংসনীয়। বসুন্ধরা গ্রুপ দেশের কর্মসংস্থান ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মছব্বির আলী বলেন, গ্রামীণ অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাই দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের দরিদ্র ও অস্বচ্ছল জনগোষ্ঠীর উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights