কুষ্টিয়ায় চার দিনে ৭ ডেঙ্গু রোগী শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত চার দিনে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঈদের পর থেকে এ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত চার দিনে এই হাসপাতালে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা অনেকেই জেলার বাইরে থেকে আসা। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ঈদের পর থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলছে জেলায়। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এর থেকে সুস্থ হতে অ্যান্টিবায়োটিক সেবনের কোনো প্রয়োজন নেই। জেনারেল হাসপাতাল এবং জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু শনাক্ত এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তাই ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঘুমানোর সময় মশারি ব্যবহার ও মশার বংশ বিস্তার রোধ করা প্রয়োজন। পরিত্যক্ত পাত্র, ফুলের টব বা ডাবের খোসায় জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। এ কারণে অযথা কোনো পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights