কুষ্টিয়ায় লাশ উদ্ধারের ঘটনায় মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
যাদের সঙ্গে নিয়ে পদ্মা নদীর চর থেকে ১০ টুকরো মরদেহ উদ্ধার করা হয় কুষ্টিয়ার যুবক মিলন হোসেনের, তাদেরই নাম নেই মামলায়। আলোচিত ওই হত্যার ঘটনায় গতকাল শনিবার মধ্যরাতে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর মা শেফালি খাতুন। তবে পুলিশ বলছে, মিলন হত্যাকাণ্ডে আটক সজীবসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হবে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, নিহত মিলনের মা শেফালি খাতুন অজ্ঞাত আসামিদের নামে মামলা করেছেন।

মামলার বিষয়ে কথা বলতে বাদী শেফালির মোবাইল নাম্বারে কল করলে তার মেয়ে শিরিনা রিসিভ করেন। তিনি বলেন, আমরা থানায় গিয়ে মামলাটি করেছি। পুলিশের কম্পিউটারে টাইপ হয়েছে। তারা কেমন লিখেছে আমরা জানি না। বাদীর সঙ্গে কথা বলতে চাইলে শিরিনা বলেন, পুলিশের সঙ্গে কথা বলে জানাবেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, এটি ক্লুলেস মামলা, সেই হিসেবে বাদী এমন এজাহার করেছেন। কিন্তু আমরা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছি, জড়িতদের সনাক্ত করেছি। এরমধ্যে ৬ জনকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার দুপুরের পর তাদের কুষ্টিয়া আদালতে উপস্থাপন করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হবে।

পলাশ কান্তি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। তদন্তে মিলনের আউটসোর্সিং ব্যবসার টাকাপয়সার লেনদেন, হত্যায় অভিযুক্ত সজীবের চাঁদা দাবি এবং মিলনের কোনো প্রতারণামূলক কাজের কারণে বিরোধ সৃষ্টি হয়েছে কিনা এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights