কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ৫ আসামি দুই দিনের রিমান্ডে

কুষ্টিয়া প্রতিনি‌ধি
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় প্রামাণিক হত্যার ঘটনায় পাঁচ আসামির প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার রিমান্ডের আবেদন শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রাবণী দাস এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন (৩৫), ইয়ামিন ইসলাম(৩২), মো: প্রত্যাশা (৩৬), অর্ণব (২৭) ও মো: তামিম (২২)। তাদের সবার বাড়ি ভেড়ামারা উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ আগস্ট পাঁচ আসামির প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত রবিবার দুপুরে আবেদন শুনানি শেষে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় আরও ৯ আসামি জামিনে আছেন। তাদের জামিন বাতিলের আবেদন করলে আদালত জামিন বহাল রাখেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই মহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি শোভনকে ঘটনার দিন আটক করে পুলিশ। আরও ৪ আসামি আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। পরবর্তীতে জেল হাজতে থাকা প্রথম পাঁচ আসামির রিমান্ড আবেদন করা হয়। এছাড়া একই মামলায় আরও ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। ৫ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আদেশের কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights