কৃষি ফার্ম শ্রমিকদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
বিএডিসি ও গবেষণা ফার্মের কর্মরত সকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও দৈনিক মজুরি বৃদ্ধিসহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তাবায়নের লক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন।
বুধবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সামনে কর্মরত শ্রমিকরা ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মসূচি ৩০ জুলাই পর্যন্ত চলবে বলে জানান কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের নেতারা।
গত ২১ জুলাই থেকে বিএডিসি, ব্রি, বারি, পাট গবেষণা, বিনা, বাংলাদেশ সুগারকপ গবেষণা, গম, ভুট্টা ও তুলা উন্নয়ন বোর্ডসহ সকল কৃষি ফার্মের শ্রমিকরা আন্দোলন কর্মসূচি পালন করছে।
শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রমিক সমিতির সভাপতি লেহাজ উদ্দিন, বারি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ব্রি শ্রমিক সমিতির সভাপতি মামুন হোসেন আপেল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বারি শ্রমিক ক্লাবের সভাপতি হাইজুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও ব্রি, বারি শ্রমিক সমিতি ও ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মজিদ বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে আমাদের ১৩ দফা দাবি না মানা হলে আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা দিব।
