কেপ ভার্দের গোলকিপারকে দলে নিতে চায় ব্রাজিলের দুই ক্লাব
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভজিনিয়াকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিলের দুই ক্লাব—আভাই এফসি ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে।
ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে ব্রাজিলের ক্লাব দুটি।
সবশেষ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন ভজিনিয়া। গত মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।
চলতি বিশ্বকাপে কেইপ ভার্ডের ইতিহাস গড়া অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। স্পেনের বিপক্ষে দলের অভিষেক বিশ্বকাপ ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ করে গোলশূন্য ড্র নিশ্চিত করেন তিনি।
এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়েও পোস্টের নিচে ছিলেন অনবদ্য। সৌদি আরবের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি।
শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও নিজের পারফরম্যান্স দিয়ে আবারও মুগ্ধ করেন ভজিনিয়া। সেই ম্যাচে একাই করেন আটটি সেভ।
চার ম্যাচে মোট ১৮টি সেভ করে টুর্নামেন্টের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত হয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৫০ লাখে পৌঁছেছে।
সূত্র: ইয়াহু স্পোর্টস
