কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
অনলাইন ডেস্ক
গ্রুপ পর্বে টানা তিন জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। তাই নকআউট পর্বের শেষ ৩২-এর এই লড়াইকে মোটেও সহজভাবে দেখছে না লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। এর আগে শেষ অনুশীলনও সম্পন্ন করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি কোচ স্কালোনি।
তিনি জানান, একাদশ প্রায় চূড়ান্ত হলেও সেটি এখনো খেলোয়াড়দের জানানো হয়নি। তাই সংবাদমাধ্যমেও তা প্রকাশ করতে চান না তিনি।
তবে একটি সুখবর নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ। ডান হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত হয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। জর্ডানের বিপক্ষে সতর্কতার কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।
রোমেরোকে নিয়ে স্কালোনি বলেন, তিনি ভালো আছেন এবং পুরো অনুশীলন করেছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে তিনি খেলবেন। ম্যাচের আগে শেষবার পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে শুরুর একাদশের দুটি জায়গা নিয়ে এখনো চিন্তায় রয়েছে আর্জেন্টিনা শিবির।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে শুরু করবেন কে- লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, সেটি এখনো নিশ্চিত হয়নি।
সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো খেলেছেন ফাকুন্দো মেদিনা। অন্যদিকে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। ফলে এই পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তহীনতা থাকতে পারে।
স্কালোনি বলেন, মেদিনা নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। একই সঙ্গে তাগলিয়াফিকোও এখন সম্পূর্ণ ফিট। তাই দুজনকেই বিবেচনায় রাখা হচ্ছে।
সব মিলিয়ে এই দুটি জায়গা ছাড়া বাকি পজিশনগুলো প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণ ভাগ : নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা অথবা নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠ : রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।
আক্রমণ : লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ অথবা হুলিয়ান আলভারেজ।
