কেমিস্ট ছাড়াই প্রসাধনী উৎপাদন, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি কসমেটিকস কারখানায় কেমিস্ট ছাড়াই বিভিন্ন প্রসাধনী উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নিমতলা কোটগাঁও এলাকায় অবস্থিত ফ্যান্সি লিমিটেড কসমেটিকস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানাটিতে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব, আফটার শেভসহ বিভিন্ন প্রসাধনী উৎপাদন করা হচ্ছিল। উৎপাদিত পণ্যের মান পরীক্ষারও কোনো ব্যবস্থা ছিল না।
এসব অনিয়মের দায়ে কারখানাটির ব্যবস্থাপক আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কেমিস্ট নিয়োগ দিয়ে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে প্রসাধনী উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সিরাজদিখান উপজেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
