কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় অভিযান, কাঁচামালসহ গ্রেফতার ৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে তৈরিকৃত ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির বিভিন্ন ধরণের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন, রাজধানীর বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার বাসিন্দা মোঃ আলমগীর ওরপে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মোঃ আলী আরমান (৩৬), সাভার থানার মোঃ শাহজাহান (৪০) ও আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় একটি ইয়াবা তৈরি ও ক্রয়-বিক্রয় কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করতেন। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক আইনের তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার জন্যও আহ্বান জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights