কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর ব্যাপক প্রশ্ন উঠেছে। দুর্গসদৃশ নিরাপত্তায় ঘেরা সরকারি বাসভবন থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে তুলে নেওয়া কীভাবে সম্ভব হলো—এ নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল যে ভেতরের কারও সহায়তা ছাড়া এমন অভিযান বাস্তবায়ন কঠিন।

পরবর্তীতে রয়টার্স জানায়, মাদুরোর খুব কাছের এক ব্যক্তি নিয়মিত তার অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সরবরাহ করছিলেন। এর ফলে অভিযানের আগেই যুক্তরাষ্ট্র মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত ধারণা পায়। যদিও ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের গোপন যোগাযোগ চলছিল। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্র কাবেলোকে সতর্ক করে বলেছিল যেন তার নিয়ন্ত্রণাধীন বাহিনী বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাতে না পারে।

যদিও কাবেলো মাদুরোর চেয়েও বিপজ্জনক হতে পারেন বলে মনে করা হচ্ছে, তিনি প্রকাশ্যে রদ্রিগেজের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছেন। কাবেলো ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে দ্বিতীয় সর্বাধিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী এই নেতা সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ওপর প্রভাবশালী এবং সরকারপন্থি সশস্ত্র মিলিশিয়া কোলেকতিভোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

যুক্তরাষ্ট্র তাকে বহু বছর ধরে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। ২০২০ সালে একটি বড় মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে তার মাথার দাম ২ কোটি ৫০ লাখ ডলারে ঘোষণা করা হয়। যদিও কাবেলো সব অভিযোগ অস্বীকার করেছেন।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় স্থিতিশীলতা বজায় রাখতে কাবেলোর ওপর নির্ভর করছে। তবে তার অতীত ভূমিকা ও ক্ষমতার দ্বন্দ্ব ভবিষ্যতে ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights