কোটা আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র জোটের একাত্মতা
অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনে একাত্মতা পোষণ করেছে বাম ছাত্র ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট।
আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে দুই দফা দাবি জানায় সংগঠনটি। তাদের দাবিগুলো হলো- বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে, অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণির জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এ দেশের তরুণ ছাত্রসমাজ আন্দোলন করে আসছে। সর্বশেষ গত ৫ জুন হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে আবারও প্রথম ও দ্বিতীয় শ্রেণির বৈষম্যমূলক কোটা প্রথা চালু হওয়ায় সারাদেশের ছাত্রসমাজ আন্দোলনে নেমেছে। ইতোমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলন চলছে। রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের লড়াকু অবস্থানের প্রতি গণতান্ত্রিক ছাত্র জোট একাত্মতা পোষণ করছে। একইসঙ্গে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে সারাদেশে সচেতন ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তওফিকা প্রিয়া।
