কোথায় যাচ্ছে বিধ্বস্ত মার্কিন রণতরি জেরাল্ড আর. ফোর্ড?

অনলাইন ডেস্ক
ক্রোয়েশিয়ায় পাঁচ দিনের যাত্রাবিরতি শেষে আবারও সাগরে ভেসেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। গত বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করলেও রণতরিটির পরবর্তী গন্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি এখন যেকোনো ধরনের জাতীয় লক্ষ্য পূরণে এবং যেকোনো অপারেশনাল এলাকায় পূর্ণ শক্তিতে কাজ করতে প্রস্তুত। ক্রোয়েশিয়ায় অবস্থানকালে জাহাজটির প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি রসদও সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি ইরান বিরোধী অভিযানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই রণতরি। তবে গত ১২ মার্চ জাহাজের লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটিকে প্রথমে গ্রিসের ক্রিট দ্বীপ এবং পরে ক্রোয়েশিয়ার বন্দরে নিয়ে আসা হয়। ওই অগ্নিকাণ্ডে দুই নৌ-সেনা আহত হন এবং প্রায় ১০০টি বেডসহ জাহাজের অভ্যন্তরীণ আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে, এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত এখনও চলছে।

গত ৯ মাস ধরে সাগরে অবস্থান করা এই রণতরিটি এর আগে ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান এবং ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে যে সাময়িক শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরিকে ইতিমধ্যেই ওই অঞ্চলের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights