কোরবানির চামড়া নিয়ে বিশেষ উদ্যোগ সরকারের

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চামড়া নষ্ট হওয়া রোধে এবার বাণিজ্য মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, কোরবানির চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে এই কন্ট্রোল রুম থেকে। এ জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে, যা ঈদের পুরো সময়জুড়ে সক্রিয় থাকবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অব্যবস্থাপনা বা অসচেতনতার কারণে যাতে কোনো চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এবং চামড়া শিল্প ও রপ্তানি খাতে এর বড় অবদান রয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। একটি চামড়াও যাতে নষ্ট না হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর অর্থনৈতিক সহায়তায় কোরবানির চামড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার প্রবণতা ঠেকাতে এবার আগেভাগেই বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি চামড়া যথাযথভাবে সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights