কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস মসজিদ এলাকায় বসে ভাগ করা হবে নাকি বাড়িতে নিয়ে ভাগ করা হবে, এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে কোরবানির মাংস কোথায় বসে ভাগ করা হবে- এই নিয়ে ঐ গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পক্ষে নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অন্য পক্ষে নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের জাকির হোসেন (৪২), আমির হোসেন (৪০), জামাল মোল্লা (৪৩), মান্নান মোল্লা (৫৫), রুবেল মিয়া (৩০), ইলিয়াস শেখ (৩০), সুজন মিয়া (২৮), আসাদ মোল্লা (৩৫), সম্রাট মোল্লা (৪০), হেনা বেগম (৫০), জাহিদ শেখ (৪৫), জালাল মোল্লা (৪০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কোরবানির মাংস মসজিদে নাকি বাড়িতে নিয়ে ভাগ করা হবে- এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights