কোস্টারিকার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়

অনলাইন ডেস্ক

তীব্র ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকল ম্যাচ। দেরি হলেও মাঠের লড়াইয়ে ইংল্যান্ডের পারফরম্যান্সে কোনো ছন্দপতন ঘটেনি। অ্যান্থনি গর্ডন ও জুড বেলিংহামের দারুণ নৈপুণ্যে কোস্টারিকার বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে থ্রি লায়ন্সরা।

বিশ্বকাপের আগে বুধবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের জয় ৩-০ ব্যবধানে। প্রথমার্ধে ডেকলান রাইসের পর দ্বিতীয়ার্ধে গোল করেন অ্যান্থনি গর্ডন ও অলি ওয়াটকিন্স।

ম্যাচের শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। যার ফল মেলে ম্যাচের শুরুর দিকেই। ম্যাচের ৯ মিনিটে গর্ডনের চমৎকার পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ডেক্লান রাইস।

১০ নম্বর পজিশনে মর্গ্যান রজার্সের জায়গায় শুরুর একাদশে সুযোগ পান বেলিংহাম। ৩৬ মিনিটে তাঁর বাড়িয়ে দেওয়া বল ধরে গোলের সুযোগ মিস করেন আর্সেনাল ফরোয়ার্ড ননি মাদুয়েকে। কোস্টা রিকার গোলকিপার প্যাট্রিক সেকুয়েরাকে চমৎকারভাবে কাটিয়েছিলেন আর্সেনাল ফরোয়ার্ড ননি মাদুয়েকে। কিন্তু ফাঁকা পোস্টে বল ঠেলে দেওয়ার সহজ সুযোগ পেয়েও তাঁর শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে।

এরপর ম্যাচের ৬৮ মিনিটে বেলিংহামের আরেকটি চোখধাঁধানো দৌড় ইংল্যান্ডকে দ্বিতীয় গোল এনে দিতে সাহায্য করে। তাঁর পাস থেকে বদলি খেলোয়াড় এবারিশি এজের নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি গর্ডন।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি হিসেবে নামা ওয়াটকিন্স নিখুঁত এক ক্লোজ-রেঞ্জ হেডারে কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ফলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

আজ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হওয়া বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ অভিযান। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights