ক্যানসার ধরা পড়ার ‘১৫ মিনিটের মধ্যেই’ প্রেমিককে বিয়ে করেন হিনা খান

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক, অথচ বিয়ের কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু মরণব্যাধি ক্যানসার জীবনের হিসাব বদলে দিল ভারতীয় টেলিভিশন অভিনেত্রী হিনা খানের। অসুস্থতার খবর জানার পরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে সময় লেগেছিল মাত্র ১৫ মিনিটেরও কম!

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বিয়ের পেছনের গল্প শুনিয়েছেন হিনা। জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও কখনো বিয়ের দিনক্ষণ কিংবা আয়োজন নিয়ে ভাবেননি তারা।

হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। জীবনের কঠিন সেই সময়েই সম্পর্ককে নতুন পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতি মনে করে হিনা বলেন, সিদ্ধান্তটি ছিল হঠাৎ নেওয়া। তারা কেউই আগে থেকে বিয়ের জন্য প্রস্তুতি নেননি। দীর্ঘ ১০ বছরের বেশি সময় একসঙ্গে কাটানোর পর তাঁদের সম্পর্ক ১৩-১৪ বছরে পৌঁছেছে।

বিয়ের সিদ্ধান্তের পেছনের আবেগঘন কারণ জানিয়ে অভিনেত্রী বলেন, শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় রকিকে দুটি পথের কথা বলেছিলেন তিনি। হয় তাকে ছেড়ে নিজের জীবনে এগিয়ে গিয়ে পছন্দমতো কাউকে বিয়ে করতে হবে, নয়তো তাকেই বিয়ে করতে হবে। কারণ, আগামীকাল কী ঘটবে, তা তিনি জানতেন না।

হিনার এমন কথার মধ্যেই ফুটে ওঠে অসুস্থতার সময় জীবনের অনিশ্চয়তা এবং ভালোবাসার মানুষের পাশে থাকার আকাঙ্ক্ষা। তার এই প্রস্তাবে সম্মতি দেন রকিও।

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সত্যিই কি মাত্র ১৫ মিনিটে শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও নয়, তার চেয়েও কম সময়ে সম্পন্ন হয়েছিল বিয়ের আয়োজন।

ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দেওয়ার এই গল্প নতুন করে আবেগাপ্লুত করেছে হিনার ভক্তদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights