ক্যান্সার রোগীদের সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক
মরণব্যাধি ক্যান্সার রোগের বিষয়ে অধিকতর সচেতনতা তৈরি করতে এবং রোগীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত প্রসারিত করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে রেনাটা পিএলসি এর প্রধান কার্যালয়ে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে রেনেটা পিএলসি। এর পৃষ্ঠপোষকতায় ছিল ঢাকা মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ। সার্বিক সহযোগিতায় ছিল সন্ধানী, ঢাকা মেডিকেল কলেজ ইউনিট৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলীয়া শাহ্নাজ। ‘মানুষ মানুষের জন্য’ বিখ্যাত এই গানের উদ্ধৃতি দিয়ে শুরু করে তিনি বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন ক্যান্সার রোগীদের জন্য বিশ্বমানের ঔষধ তৈরি ও বিভিন্ন দেশে রপ্তানি করছেন। তিনি ক্যান্সার রোগী এবং তাদের কেয়ার গিভারদের মানসিক স্বাস্থ্য সেবায় উদ্যোগ নেওয়ার জন্য রেনাটার বিশেষ প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ। তিনি রক্তদান কর্মসূচির মতো মানবিক কাজের জন্য রেনাটার প্রশংসা করেন। রেনাটা আরও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দুঃস্থ রোগীদের অধিকতর সেবা প্রদানে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তন্নিমা অধিকারী এবং সহকারী অধ্যাপক ডা. মেহের জাবিন তাদের বক্তব্যে রক্তদান কর্মসূচির প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা ও সফলতা কামনা করেন।
রেনাটা লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তানবীর সাজিব জানান, বিশ্বমানের সাথে তাল মিলিয়ে রেনাটা তার গবেষণা চলমান রেখেছে এবং ক্যান্সার রোগীদের জন্য দেশেই ঔষধ তৈরি করছে। তিনি আরও জানান, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যতম প্রতিষ্ঠান রেনাটার লক্ষ্য বিশ্ব মানের ঔষধ প্রস্তুত এবং ক্যান্সার রোগী ও তাদের কেয়ার গিভারদের মানসিক স্বাস্থ্য সেবার জন্য বিশ্বমান অর্জন।

রেনাটা লিমিটেডের অনকোলজি বিভাগের টিম লিডার আমির আবদুল্লাহ জানান, রেনাটা তাদের ক্যান্সার কেয়ার প্রজেক্টের মাধ্যমে দেশের যে কোন অঞ্চলে বসবাসরত ক্যান্সার রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে ঔষধ সরবরাহ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights