ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেট, ক্ষুব্ধ চবি শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ার খাবারে সিগারেট পাওয়া গেছে। এই ক্যাফেটেরিয়ার খাবার খুবই নিম্ন মানের বলে অভিযোগ শিক্ষার্থীদের। এবার সিগারেটের অংশ পরিবেশন করা হয়েছে খাবারের সাথে যা শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার সকালের নাস্তায় এটি পেয়েছে এক শিক্ষার্থী। পরে তা ফেসবুকে পোস্ট করা হলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে আশরাফ হোসেন বলেন, সকালের নাস্তায় সিগারেটসহ ডালভাজি দেয় আমাকে। আলো কম থাকায় প্রথমে দেখিনি। পরে ভালো করে দেখে বুঝলাম এটি সিগারেট। আমি ক্যাশে অভিযোগ দিয়েছি। কিন্তু এসব এদের কাছে নতুন কিছু না। এদের থেকে স্বাস্থ্যকর কিছু আশা করা যায় না।
সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বকর বলেন, সোহরাওয়ার্দী হলের পরিবেশ কখনোই পরিবর্তন হয় না। আমরা বাধ্য না হলে এই খাবার খাই না। এখানে কর্মচারীরা খুবই অপরিচ্ছন্ন থাকে। খাবারের প্লেট সাবান দিয়ে না ধুয়ে খাবার দিয়ে দেয় অনেক সময়। এসব নতুন বিষয় না।

সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. মো. আবুল বাশারকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক আবু মোহাম্মদ কায়সার ও মুহাম্মদ রবিউল আলম। এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন হলটির সেকশন অফিসার মোহাম্মদ হাম্মদ আবু বকর।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনাটি আমি জেনেই ব্যবস্থা নিয়েছি। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তির ব্যবস্থা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights