ক্যাবিনেটে জায়গা হচ্ছিল না, তাই বিশ্বকাপ ট্রফিটাই বিক্রি করে দিলেন

অনলাইন ডেস্ক
২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার বেঞ্জামিন মেন্দি নিজের বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা বিক্রি করে নতুন করে আলোচনায় এসেছেন। তবে ট্রফি বিক্রির কারণ জানিয়ে তিনি বলেছেন, এটি তার ক্যাবিনেটে অনেক জায়গা দখল করে রেখেছিল।

ক্রীড়া ব্যবসাবিষয়ক গণমাধ্যম স্পোর্টিউনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এ ৬২ হাজার মার্কিন ডলারে ট্রফিটির রেপ্লিকা বিক্রি করেন মেন্দি। একই নিলামে ২০১৮ বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সতীর্থ পল পগবার কাছ থেকে পাওয়া একটি মূল্যবান আংটিও বিক্রি করেন তিনি।

শুক্রবার রাতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ট্রফি বিক্রির বিষয়টি নিশ্চিত করেন মেন্দি। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘এটা কি আমার ট্রফি, নাকি আপনাদের? এটা আমার জিনিস। আমি চাইলে যা খুশি করতে পারি। তাছাড়া এটা আমার ক্যাবিনেটে অনেক জায়গা নিচ্ছিল।’

মেন্দি নিলামে বিক্রির সনদও প্রকাশ করেছেন। তিনি জানান, তার কাছে বিক্রির জন্য আরও কিছু ট্রফি রয়েছে। এ সময় ক্যারিয়ারে জেতা আরও কয়েকটি ট্রফিও দেখান তিনি।

৩২ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার বর্তমানে পোল্যান্ডের ক্লাব পোগোন শেচচিনে খেলছেন। ২০২১ সালে ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার একাধিক অভিযোগ ওঠে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তিনি অভিযোগগুলো থেকে খালাস পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights