ক্যাসিনোকাণ্ড : জামিন চেয়ে চেম্বার আদালতে সেলিম প্রধান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন।

সোমবার তার আইনজীবী অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, সম্প্রতি সাজার বিরুদ্ধে সেলিম প্রধানের আপিল গ্রহণ করে আদেশ দেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এখন আমরা আপিল বিভাগের চেম্বার আদালতে সেলিম প্রধানের জামিন চেয়ে আবেদন করেছি। আগামী ৫ জুলাই চেম্বার আদালতে এই জামিন আবেদনের ওপর ‍ শুনানি হবে।

গত ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানকে ৮ বছর কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত।
ঢাকার বিশেষ আদালত-৮ এর বদরুল আলম ভূঁঞা এ রায় দেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে সেলিম প্রধানকে আদালতে হাজির করা হয়।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশানের বাসা, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights