ক্রেতাদের আগ্রহ আধুনিক চামড়াজাত পণ্য
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী। গতকাল ছুটির দিন থাকায় প্রদর্শনীতে ক্রেতা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। আজ এ প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশের ২৫০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ক্রীড়া পোশাক, জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি ও লিমরা এক্সিবিশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীতে ডির লেদার নিয়ে এসেছে চামড়া জাতীয় বিভিন্ন ব্যাগ, বেল্ট, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন চামড়াজাত পণ্য। প্রতিষ্ঠানের সিইও ফরিদা ইয়াসমিন বিথি বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় ভালো সাড়া পাচ্ছি। মানুষজন আমাদের পণ্যের খোঁজখবর নিচ্ছেন। আশা করি শেষ দিনে আরও ভালো সাড়া পাব।
