ক্রোয়েশিয়া পর্তুগালকে রুখে দিতে পারবে কি?

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকা সমৃদ্ধ পর্তুগিজদের রুখে দিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায় ক্রোয়াটরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্তুগাল বাধা পার হতে হলে তাদের পুরো দলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের কেউই অবশ্য নিজেদের চেনা ছন্দে দাপট দেখাতে পারেনি। দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ হয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে। ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা ক্রোয়েশিয়া পরে ঘানা ও পানামাকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। অন্যদিকে, রোনালদোর বয়স এবং ধার কিছুটা কমলেও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা তিনি এখনও রাখেন। পর্তুগালের এমন শক্তিশালী আক্রমণভাগকে ঠেকাতে তাই সম্মিলিত প্রচেষ্টাকেই বড় করে দেখছেন লিভাকোভিচ। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রোয়েশিয়া জাতীয় দল একটি ঐক্যবদ্ধ পরিবার, যেখানে প্রত্যেকে একে অপরকে সাহায্য করতে প্রস্তুত এবং তিনি নিজেও দলের প্রয়োজনে সর্বোচ্চ অবদান রাখতে চান, যাতে মাঠের লড়াই শেষে সবাই একসাথে জয়ের উল্লাস করতে পারেন।

বিগত কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেমিফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো লিভাকোভিচের। জাপান ও ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সব সেভ করে দলকে জিতিয়েছিলেন তিনি। সেই সোনালি স্মৃতি রোমন্থন করে এই গোলরক্ষক জানান, জাপানের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস এতটাই বাড়িয়ে দিয়েছিল যে ব্রাজিলের বিপক্ষে তারা দল হিসেবে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন।

চলতি আসরেও শেষ বত্রিশের বেশ কয়েকটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারের মতো চরম উত্তেজনাকর মুহূর্তে একজন গোলকিপারের মানসিক অবস্থা কেমন থাকে, সেই রহস্যও উন্মোচন করেছেন লিভাকোভিচ। তিনি স্বীকার করেছেন যে এমন মরণ-বাঁচন ম্যাচের আগে তিনি প্রচণ্ড স্নায়ুর চাপে থাকেন, তবে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই তিনি শান্ত হয়ে যান এবং দেশের প্রতিনিধিত্ব করার ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের প্রিয় কাজটাই করে যান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় টরেন্টোয় শুরু হবে দুই পরাশক্তির এই মহাদ্বৈরথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights